সাপ্তাহিক নবীনগর পত্রিকার উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নজরুল ইসলাম নজুর পরিচালনায় সৌদি আরবের জিজান প্রদেশের আবু আরিশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘লিটার শারিকা’র নতুন পেট্রোল পাম্প।
শুক্রবার (২ অক্টোবর) নতুন এ পেট্রোল পাম্পের উদ্বোধন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নেন নজরুল ইসলাম নজু। উদ্বোধনের আনন্দ ভাগাভাগি করে নিতে তাঁর পক্ষ থেকে প্রথম ১৫০টি গাড়িকে ২০ সৌদি রিয়াল করে বিনামূল্যে জ্বালানি প্রদান করা হয়।
এমন ঘোষণায় স্থানীয় সৌদি নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনের পর থেকেই নতুন পেট্রোল পাম্পটিতে গাড়িচালকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিনামূল্যে জ্বালানি পাওয়ায় অনেকেই সন্তোষ প্রকাশ করেন।
নজরুল ইসলাম নজু বলেন, “আজ আমার নতুন আরেকটি পাম্প উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আমার পক্ষ থেকে প্রথম ১৫০টি গাড়িতে ২০ রিয়াল করে ফ্রি তেল দেওয়া হয়েছে। অভূতপূর্ব এ ঘোষণায় সৌদি নাগরিকরা বেশ উচ্ছ্বসিত।”
প্রবাসের মাটিতে ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন নজরুল ইসলাম নজু। নতুন এ প্রতিষ্ঠানের যাত্রা তাঁর ব্যবসায়িক কার্যক্রমে আরও একটি নতুন সংযোজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সৌদি আরবের জিজান অঞ্চলে ‘লিটার শারিকা’র এই নতুন পেট্রোল পাম্প স্থানীয় গ্রাহকদের জ্বালানি সেবা প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিধি আরও বিস্তৃত করবে বলে প্রত্যাশা বাংলাদেশীদের ।
পিয়াল হাসান রিয়াজ,বার্তা বিভাগ। 









