ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৩২টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ ছাড়া সরকারি তহবিল থেকে পূজামণ্ডপগুলোর জন্য প্রায় ৮০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, বর্তমান সরকার ইমাম ও পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করেছে। আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির নবীনগর গড়ে তোলা।
তিনি বলেন, ‘কে কোন দল করেন কিংবা কে কোন ধর্ম পালন করেন, আমরা সেভাবে কাউকে দেখতে চাই না। আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সুন্দর নবীনগর গড়ে তুলতে। ধর্ম নিয়ে কোনো বিভেদ নয়, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও সুন্দর পরিবেশে পালন করবেন-এটাই আমাদের প্রত্যাশা।’
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে এমপি মান্নান বলেন, ‘আপনাদের কোনো ধর্মীয় উৎসবে নিজেদের একা মনে করবেন না। স্থানীয় সংসদ সদস্য হিসেবে আমি আপনাদের পাশে আছি, আমাদের দলের সব নেতাকর্মীও আপনাদের পাশে রয়েছেন। আপনারা কখনো নিজেদের আমাদের থেকে আলাদা মনে করবেন না।’
তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা,নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, উপজেলা এনসিপির সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুখলেসুর রহমান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
প্রতিবেদকের নাম 













