ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির এই নবীনগরে আমরা যার যার ধর্ম সুন্দরভাবে পালন করব। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আপনারা কখনো নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। আমি যতদিন নবীনগরের এমপি আছি, ততদিন সংখ্যালঘু নামের কোনো শব্দ থাকবে না। আপনারা সবাই এ দেশের নাগরিক।”
তিনি বলেন, “দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত নবীনগর গড়ে তুলে পিছিয়ে পড়া এই জনপদকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করতে চাই। আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সবার পাশে থাকব। সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং স্বাধীনভাবে চলাফেরা করবেন। চলাফেরা করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। সংসদ সদস্য হিসেবে আমি সব সময় আপনাদের পাশে আছি।”
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার শ্রীশ্রী মাতা বরদেশ্বরী মন্দিরের ১৫৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শারদীয় দুর্গোৎসব-২০২৬-এর ষষ্ঠী পূজার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিয়াল হাসান রিয়াজ, বার্তা বিভাগ। 















