ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির গঠিত বিশেষ পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে স্বেচ্ছাসেবক দলের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পরও কমিটিতে প্রতিনিধিত্ব না পাওয়াকে সাংগঠনিক মূল্যায়নের প্রশ্ন হিসেবে দেখছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ।
দলীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ১০ সদস্যের একটি বিশেষ মনিটরিং কমিটি গঠন করেছে জেলা বিএনপি। কমিটিতে জসিম উদ্দিন রিপনকে আহ্বায়ক এবং আলী আজমকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিটি অনুমোদন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তবে এতে জেলা স্বেচ্ছাসেবক দলের কোনো প্রতিনিধির নাম রাখা হয়নি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দেলোয়ার হোসেন দিলীপ বলেন, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন। দলের কঠিন সময়ে ভূমিকা রাখা একটি সংগঠনের কোনো প্রতিনিধিকে গুরুত্বপূর্ণ এই কমিটিতে না রাখায় তিনি হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলের ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করা উচিত। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁকে কমিটিতে রাখা না হলেও স্বেচ্ছাসেবক দলের অন্য যোগ্য নেতাকর্মীদের অন্তত দুটি পদে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
একই সঙ্গে কমিটি গঠনের প্রক্রিয়ায় যথাযথ সমন্বয় ও তদারকি নিশ্চিত করতে দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের এই আহ্বায়ক। তাঁর মতে, দলের দুঃসময়ে ভূমিকা রাখা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন সাংগঠনিক ঐক্য ও পারস্পরিক আস্থা বাড়াতে সহায়ক হবে।
মো:জুয়েল রানা। 

















