ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে অনলাইনে ভুল ও মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। কিছু রাজনৈতিক দল ও গোষ্ঠী বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। জনগণকে ভুল বুঝিয়ে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করাই তাদের মূল উদ্দেশ্য বলে অভিযোগ করেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আব্দুল মান্নান বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের সাত মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়নমূলক প্রকল্প ও পরিকল্পনা হাতে নিয়েছে। শিক্ষার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে এমপি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, প্রত্যেক শিক্ষার্থীকে নৈতিকতা, সততা ও আদর্শ চরিত্রের অধিকারী হতে হবে। প্রকৃত শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন , তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সম্প্রসারণ করতে হবে।
শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, একটি শিক্ষিত ও আদর্শ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয় এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে সরকারের উদ্যোগ তুলে ধরে এমপি আব্দুল মান্নান বলেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সরকার ১০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ করেও যারা বেকার রয়েছেন, তাঁদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, এরই ধারাবাহিকতায় নবীনগরেও একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন। এই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হলে স্থানীয় শিক্ষিত বেকার যুবক-যুবতীরা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার সুযোগ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপু, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহীন, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহীন, সুক্কর খান প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।
প্রতিবেদকের নাম 










