ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, “শিক্ষাক্ষেত্রে আমরা কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই। শুধু সার্টিফিকেটধারী শিক্ষার্থী নয়, আমরা চাই গুণগত ও মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত একটি প্রজন্ম। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।”
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আব্দুল মান্নান বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষা ক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটিকে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই শিক্ষাখাতে প্রচুর বরাদ্দ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে প্রতিটি স্কুলে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
তিনি বলেন, “আমরা শুধু সার্টিফিকেট অর্জনকারী শিক্ষার্থী চাই না। আমরা চাই তারা প্রকৃত অর্থে শিক্ষিত হোক, দক্ষতা অর্জন করুক এবং দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখুক। একটি জাতি যত বেশি শিক্ষিত ও দক্ষ হবে, সেই জাতি তত বেশি উন্নত হবে।”
অভিভাবকদের উদ্দেশে এমপি বলেন, “আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারা আপনাদের সন্তানদের প্রতি মনোযোগী হন। তাদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও ভালো পরিবেশ নিশ্চিত করুন। তাহলেই আগামী প্রজন্ম উচ্চশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবায়নে বিদ্যালয়টির চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান।
উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহামেদ মহীন, সমাজসেবক আব্দুল আউয়াল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, পৌর বিএনপির সহসভাপতি হাসিবুল হাদিস শাহিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ এবং ছাত্রদল নেতা অন্তত হিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ছদর উদ্দিন মানিকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
নতুন একাডেমিক ভবনটি চালু হওয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সুযোগ-সুবিধা সম্প্রসারিত হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর, সুশৃঙ্খল ও উপযোগী পরিবেশে পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে।
পিয়াল হাসান রিয়াজ, বার্তা বিভাগ। 








