পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে নবীনগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সদস্যসচিব তোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
সমাবেশে বক্তারা বলেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মান্নান বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আপনারা ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করবেন। সজাগ ও সচেষ্ট থাকবেন, যাতে কোনো ষড়যন্ত্রকারী বা চক্রান্তকারী আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট করতে না পারে।”
পথসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বাইজিদ বাবু ও জসীমউদ্দীনসহ দলীয় নেতৃবৃন্দ।
বক্তারা সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার পাশাপাশি সাংগঠনিক ঐক্য আরও শক্তিশালী করার আহ্বান জানান। কর্মসূচিতে নবীনগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পিয়াল হাসান রিয়াজ,বার্তা বিভাগ। 















